পাঁচদিনের জন্য সীমিত করা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্যক্রম
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪০
নতুন বছরের প্রথম দিন থেকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং ধারায় রূপান্তর হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ফলে আমূল পরিবর্তন আনতে হচ্ছে ব্যাংকটির কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস)। এজন্য আগামী ৩০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২০২১ সালের ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের লেনদেন সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের ‘অফ-সাইট সুপারভিশন’ বিভাগ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ সংবাদ জানানো হয়।
এ সময়ে স্থগিত থাকবে ব্যাংকটির ব্যাচ (ক্লিয়ারিং), বিইএফটিএন ও ডিজিটাল ব্যাংকিং (ইএফটি) কার্যক্রম এবং আরটিজিএস লেনদেন। সেবাগুলো বন্ধ থাকায় এ সময়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা অন্য ব্যাংকের চেক ক্লিয়ারিং করতে পারবেন না। তবে ব্যাংকটির গ্রাহকরা শাখায় গিয়ে নিজ হিসাবে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে এটিএম বুথও সচল থাকবে বলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন।
গণমাধ্যমকে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ২০২১ সালের প্রথম দিন থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং ধারায় প্রবেশ করছে। লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে যাবতীয় কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। এখন সিবিএস মাইগ্রেশনের জন্য কিছু সেবা সীমিত করা হয়েছে। তবে আমরা চেষ্টা করব ৩১ ডিসেম্বরও লেনদেন স্বাভাবিক রাখতে। ১ ও ২ জানুয়ারি সরকারি ছুটির দিন হওয়ায় মূলত ৩ ও ৪ তারিখ ব্যাংকের লেনদেন সীমিত থাকছে। সে হিসেবে লেনদেন সীমিত থাকবে মাত্র দুইদিন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৩ জুন প্রচলিত ধারার বেসরকারি ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের যাত্রা। প্রতিষ্ঠার ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করা ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫৩ কোটি টাকায়। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির বিনিয়োগ ১৬ হাজার ৩৫৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
দুই দশকের বেশি সময় প্রচলিত ধারার ব্যাংকিং সেবা দেয়া স্ট্যান্ডার্ড ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ ইসলামী ধারায় রূপান্তরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পায়। এরপর গত ১০ মাস ব্যাংকটি ইসলামী ধারায় রূপান্তরের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে। সর্বশেষ সিবিএস মাইগ্রেশনের মাধ্যমে নতুন বছরের প্রথম দিন থেকে ব্যাংকটি পূর্ণাঙ্গ ইসলামী ধারায় প্রবেশ করছে।
বর্তমানে দেশে পূর্ণাঙ্গ ধারার ইসলামী ব্যাংক রয়েছে আটটি। নতুন করে স্ট্যান্ডার্ড ব্যাংক যুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়াল ৯। তবে প্রচলিত ধারার যমুনা ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকও পূর্ণাঙ্গ ইসলামী ধারায় রূপান্তরে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে।

