সালমা-রুমানাদের নতুন হেড কোচ মার্ক রবিনসন
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:১৪
অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন হেড কোচ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। মার্ক রবিনসন নামের স্বনামধন্য এক ইংলিশ কোচ সালমা খাতুন ও রুমানা আহমেদদের প্রধান কোচের দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন। সব ঠিক থাকলে সেটা ২০২১ সালের জানুয়ারিতেই নতুন এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে লাল সবুজের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন মার্ক রবিনসন।
শনিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি জানিয়েছেন, ‘আমরা নারী ক্রিকেট দলের নতুন হেড কোচ খুঁজে পেয়েছি। উনার নাম মার্ক রবিনসন। আশা করছি জানুয়ারিতেই উনি আমাদের সঙ্গে কাজ শুরু করতে পারবেন। আমারা এই ক্ষেত্রে ৮০ ভাগ শেষ করে এনেছি। আমরা উনার সঙ্গে দুই বছরের চুক্তি করছি। উনি ইংল্যান্ডের নারী ক্রিকেট দলেরও হেড কোচ ছিলেন।’

