ষাটোর্ধদেরকেও ভ্যাকসিন গ্রহণের অনুমতি দিলো রাশিয়া
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:১১
নিজেদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক-ভি ৬০ বছরের বেশি বয়সী মানুষদের শরীরেও প্রয়োগের অনুমতি দিয়েছে রাশিয়া। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস।
করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই এই টিকার অনুমোদন দেওয়া হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। মেয়ের শরীরের তাপমাত্রা খানিক বেড়ে গিয়েছিল, তবে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। রাশিয়ার জাতীয় টিকা কর্মসূচি থেকে এতদিন ৬০ বছরের বেশি বয়সী মানুষদেরকে বাদ রাখা হয়েছিল। এ ধরনের বয়সীদের শরীরে আলাদা করে এ টিকার পরীক্ষা চালানো হয়।
আর পরীক্ষার পর শনিবার (২৬ ডিসেম্বর) ঘোষণা দেওয়া হয় যে ৬০ বছরের বেশি বয়সী মানুষেরাও এ ভ্যা্কসিন ব্যবহার করতে পারবেন।

