করোনাভাইরাস প্রণোদনা বিলে ট্রাম্পের স্বাক্ষর

করোনাভাইরাস প্রণোদনা বিলে ট্রাম্পের স্বাক্ষর

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:১০

অবশেষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা ও সরকারি ব্যয়ের প্যাকেজ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হলো এই প্যাকেজ।

নিজ দলের আইনপ্রণেতাদের তীব্র চাপের মুখে রবিবার (২৮ ডিসেম্বর) তিনি বিলটিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট বিলে স্বাক্ষর করায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে আমেরিকা সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা অচল হয়ে পড়ার যে শঙ্কা ছিল, তাও কাটল।

বিবিসি জানিয়েছে, ট্রাম্প যে ব্যয়ের প্যাকেজে স্বাক্ষর করেছেন তার ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের মধ্যে এক দশমিক ৪ ট্রিলিয়ন ডলারই সরকারি ব্যয়; বাকি ৯০ হাজার কোটি ডলার বরাদ্দ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য।

নতুন এ প্রণোদনায় বছরে ৭৫ হাজার ডলারের নিচে আয় করা মার্কিনিদের জন্য এককালীন ৬০০ ডলার দিতে বলা হয়েছে। ট্রাম্প এ এককালীন অর্থের পরিমাণ ২০০০ ডলার করতে চেয়েছিলেন। বিলে বিদেশি রাষ্ট্রগুলোর জন্য বরাদ্দ নিয়েও তার আপত্তি ছিল।

রিপাবলিকান সেনেটর মিট রমনি বলেছেন, প্রেসিডেন্ট বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করায় তিনি ‘দুশ্চিন্তামুক্ত হয়েছেন’।

ট্রাম্পের স্বাক্ষরের আগে আরেক রিপাবলিকান সেনেটর প্যাট টমি বলেছিলেন, বিলে স্বাক্ষর না করে প্রেসিডেন্ট ‘বিশৃঙ্খলা, দুর্দশা ও খেয়ালি আচরণের’ জন্য স্মরণীয় হয়ে থাকার ঝুঁকি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও বিদায়ী প্রেসিডেন্টকে বিলটিতে স্বাক্ষরের জন্য আহ্বান জানিয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading