গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং- এর নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:২০
চীনের সাংহাই পুলিশ জানিয়েছে, বড়দিনে বিষ প্রয়োগ করে চীনের কোটিপতি গেম নির্মাতা লিন কুইকে হত্যা করা হয়েছে। খবর বিবিসি।
৩৯ বছরের এই নির্মাতা ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন। তিনি ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।
সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে।
লিনের সব মিলিয়ে একশো কোটি ডলারের সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।
লিনের কোম্পানির ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ওয়েইবো সাইটে একটি আবেগী বার্তা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ”বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাবো।”
এই বার্তায় হাজার হাজার মন্তব্য পড়েছে এবং ২৯ কোটি বার ওয়েইবোতে দেখা হয়েছে।
গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ব্রাউল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে।

