অমিত শাহকে কটাক্ষ করে লেখা নারী এমপির কবিতা ভাইরাল

অমিত শাহকে কটাক্ষ করে লেখা নারী এমপির কবিতা ভাইরাল

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২৮

২০২১ বিধানসভা নির্বাচনে বাকি আর কয়েক মাস। তার আগে সারদাকাণ্ড নিয়ে ফের সক্রিয়তা দেখাতে শুরু করেছে সিবিআই। তা নিয়ে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে একহাত নিলেন ইন্ডিয়ার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে লেখা মহুয়ার একটি কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ক্রিসমাস ক্যারোল ‘ডেক দ্য হল্‌স’ এর অনুকরণে লেখা কবিতাটি রবিবার (২৭ ডিসেম্বর) সকালে নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র। কবিতাটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় হইচই পড়ে যায়। কবিতাটির বাংলা অনুবাদ হলো- ‘এটা হাসিখুশি থাকার মৌসুম, এটা সিবিআইয়ের খেল দেখানোর মৌসুম, বিরোধীদের ধরপাকড়ের মৌসুম, কিন্তু সাবধান হন শাহজি, এটা বোকামি’।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সারদাকাণ্ডে বুধবার সুপ্রিম কোর্টে ফের হলফনামা জমা দিয়েছে সিবিআই। তাতে বিধাননগর এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তারা। সিবিআইয়ের দাবি, বহু ‘রাঘববোয়াল’ এখনও নাগালের বাইরে রয়ে গেছে। তাই এ নিয়ে নতুন করে উদ্যোগী হয়েছে তারা।
তবে নির্বাচনের আগে সিবিআইয়ের এ পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিজেপিবিরোধী শিবিরের প্রশ্ন, আচমকা ফের রাজীবকে হেফাজতে নিতে এত আগ্রহী কেন সিবিআই? জিঙ্গলের আদলে লেখা ছাড়ার মাধ্যমে মহুয়াও সেই প্রশ্ন উসকে দিয়েছেন। শুধু তাই নয়, এর পেছনে অমিত শাহর দিকে আঙুল তুলেছেন তিনি।
তবে রবিবার সিবিআই এবং অমিতকে কটাক্ষ করে লেখা ওই জিঙ্গলটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন মহুয়া। বিখ্যাত ক্রিসমাস ক্যারোলটিকে অনুকরণ করায় যেমন তার সমালোচনা করেছেন নেটাগরিকরা, তেমনই সিবিআইয়ের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যোগসাজশ থাকার ইঙ্গিত দেওয়ার জন্যও তাকে আক্রমণ করেছেন অনেকে। তবে ‘২ পয়সার সাংবাদিক’ থেকে, ‘২ আনার রাজনীতিক’, সম্প্রতি একের পর এক মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন মহুয়া। সেই তালিকায় নতুন সংযোজন এই ব্যঙ্গধর্মী জিঙ্গল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading