করোনায় বলিউডের ক্ষতি ৩৫০০ কোটি রুপি!
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৪০
বলিউডের সিনেমা মানেই কোটি রুপির ব্যবসা। ২০২০ সালের শুরুতেও এমন প্রত্যাশা ছিল নির্মাতা ও অভিনয়শিল্পীদের। কিন্তু করোনা মহামারির কারণে এবছর প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় মুক্তি পায়নি অনেক প্রতীক্ষিত সিনেমা। এজন্য বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়েছে বলিউড।
প্রেক্ষাগৃহ চালু না থাকায় এবছর নির্মাতারা বিকল্প হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সিনেমা মুক্তি দেন অনেকেই। অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’, আলিয়া ভাটের ‘সড়ক টু’, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’, বরুণ ধাওয়ান ও সারা আলী খানের ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমাগুলো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পেলেও আশানুরূপ সাড়া জাগাতে পারেনি।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, গত বছর ‘ওয়ার’, ‘কবির সিং’, ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা মুক্তি পায়। সব মিলিয়ে ২০১৯ সালে বলিউড সিনেমা থেকে আয় হয় ৪ হাজার ৪০০ কোটি রুপি। অপরদিকে, এবছর এখন পর্যন্ত মাত্র ৭৮০ কোটি রুপি আয় হয়েছে। প্রেক্ষগৃহ বন্ধ থাকায় বহুল প্রতীক্ষিত সিনেমাগুলো মুক্তি পায়নি। ফলে চলতি বছর বলিউডের ৩ হাজার ৫০০ কোটি রুপি ক্ষতি হয়েছে।

