জামিন পেলেন না সাবরিনা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
করোনা নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় হাই কোর্টে জামিন চেয়ে পেলেন না জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইন। তার আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) খারিজ করে দিয়েছে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাই কোর্ট বেঞ্চ।
এর আগে গত ৩ নভেম্বর হাই কোর্টের আরেকটি বেঞ্চে আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ হয়েছিল। এবার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
গত ১৫ সেপ্টেম্বর জজ আদালতে সাবরিনার জামিন আবেদন খারিজ হলে তিনি হাই কোর্টে আসেন। ৩ নভেম্বর প্রথম দফায় খারিজ হলে তিনি নতুন বেঞ্চে সেই আবেদন তোলেন। জালিয়াতির এ মামলা বর্তমানে হাকিম আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যও নেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী গত ২০ আগস্ট সাবরিনা ও তার স্বামী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছিল ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার। কিন্তু জুনের শেষ দিকে অভিযোগ আসে, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল জেকেজি। নমুনা পরীক্ষা না করে রোগীদের ভুয়া সনদও তারা দিচ্ছিল।

