দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৪০
নেদারল্যান্ডসে এবছর প্রায় এক লাখ ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা দেশটিতে এক বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) মঙ্গলবার মৃত্যুর এ তথ্য প্রকাশ করে জানায়, এবছর মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কোভিড-১৯ মহামারী। এক কোটি ৭০ লাখ মানুষের দেশ নেদারল্যান্ডসে সাধারণত বছরে যত মানুষের মৃত্যু হয়, এবছর তার চেয়ে বাড়তি ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মারা গেছে প্রায় এক লাখ ৬২ হাজার মানুষ।
সিবিএস থেকে বলা হয়, ‘‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৃতের সংখ্যা কখনও এতটা বেড়ে যায়নি।”
সিবিএস-র প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত করোনাভাইরাস মহামারীর প্রথম ঢেউয়ের সময় স্বাভাবিকের চেয়ে প্রায় নয় হাজার মানুষ বেশি মারা গেছে।

