হংকংয়ের ১০ নাগরিকের কারাদণ্ড দিল চীন
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩০
হংকংয়ের ১০ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, অবৈধভাবে সীমানা অতিক্রমের অপরাধে কারাদণ্ডের পাশাপাশি তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা নৌপথে তাইওয়ান পালানোর পথে গত আগস্টে চীনের কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তাদের অধিকাংশ হংকংয়ে সরকারবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কেউ কেউ জামিনে ছিলেন বা বিচারের মুখোমুখি ছিলেন। আদালত জানিয়েছে, তারা প্রত্যেকই দোষ স্বীকার করেছেন। এই ১০ জনের মধ্যে একজনকে দুই বছর এবং একজনকে তিন বছরের জেল দিয়েছে ইয়ানতিয়ান পিপলস কোর্ট। বাকী আটজনের সাত মাস করে জেল দেয়া হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্তদের দেড় হাজার থেকে তিন হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হয়েছে।
তাইওয়ান পালানোর পথে আগস্টে মোট ১২ জনকে আটক করে কোস্টগার্ড। তাদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় বুধবার (৩০ ডিসেম্বর) সকালে হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।

