আমেরিকাতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মেসি
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১৬
গত মৌসুমেই সম্ভাব্য গন্তব্য ঠিক হয়ে গিয়েছিল মেসির। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে কথা প্রায় পাকাপাকিই ছিল। কিন্তু বার্সা আইনের মারপ্যাঁচে আটকে দেয় আর্জেন্টাইন খুদেরাজকে।
আগামী মৌসুমে আর কোন বাঁধা থাকছেনা মেসির। ইচ্ছে করলে সহজেই যোগ দিতে পারবেন সাবেক গুরু পেপ গার্দিওলার ক্লাব ম্যানসিটিতে। এমনকি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) মেসির দিকে চেয়ে আছে।
কিন্তু সম্প্রতি আর্জেন্টাইন তারকা এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, বার্সাতে নাকি সুখেই আছেন আপাতত। দুই বছর তাই নড়াচড়ার সম্ভাবনা নেই। তারপর যদি কোথাও যান, সেটি ইংল্যান্ড বা প্যারিস নয়। মেসির ইঙ্গিত, আমেরিকায় পাড়ি জমাতে পারেন।
স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি নাকি ইতিমধ্যেই ফ্লোরিডাতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে রেখেছেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৮৩ কোটি টাকা। মেসির যোগ দেওয়ার সম্ভাবনা ইন্টার মিয়ামি ক্লাবে, যার মালিক আবার সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম।
দেড় বছর আগেই পোরশে ডিজাইনের বহুতলে ফ্ল্যাট কিনে রেখেছেন মেসি। ২০১৪ সালে নির্মিত এই টাওয়ারে শুধু গাড়ি উপরে তোলার জন্য একটি আলাদা লিফট রয়েছে। মেসির এই ফ্ল্যাট থেকে ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব মাত্র ২৫ মিনিট।
সবকিছুই এমনভাবে প্রস্তুত করা আছে। মেসির আমেরিকা পাড়ি জমানোর ব্যাপারটাকে তাই আর গুঞ্জনে সীমাবদ্ধ রাখার উপায় নেই।

