নতুন বছরে দেখা দিলেন বুবলী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৩০
আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সর্বশেষ ‘ক্যাসিনো’ সিনেমার সেটে দেখা গিয়েছিল তাকে। এরপর লাইট-ক্যামেরা-অ্যাকশন; ফিল্মপাড়ায় তাকে আর দেখা যায়নি। শুধু তাই নয়, ঘরের বাইরে কোথাও দেখা যায়নি বুবলীকে! একেবারে লাপাত্তা!
হঠাৎ ফেসবুকে পাওয়া গেলো ‘নতুন’ বুবলীকে। আড়াল থেকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে একেবারে ভিন্ন এক বুবলীকে দেখা গেছে। ছিপছিপে শরীরে লাস্যময়ী রূপে নতুন এক বুবলী ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে লিখেছেন—‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
এর আগে গুঞ্জন শোনা যায়, এক চিত্রনায়কের সঙ্গে ঘর বেঁধেছেন বুবলী। শুধু তাই নয়, তাদের সংসার আলো করে আসছে সন্তান। আর এ কারণেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই নায়িকা। যদিও এ প্রসঙ্গে সেই নায়ক এবং বুবলীর কোনো মন্তব্যই পাওয়া যায়নি। বিশেষ করে বুবলী নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেন।

