রাজশাহীতে মদপানে মৃত বেড়ে ৫
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৪৮
বিষাক্ত মদপানে রাজশাহীতে পাঁচজন মারা গেছে। শনিবার (২ জানুয়ারি) বিকেল ও রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে শনিবার ভোরে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মোট ৭ জন তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) ও হেঁতেমখা এলাকার লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহম্মেদের ছেলে মুন আহম্মেদ (২২)। এদের পর শনিবার বিকাল ৪টার দিকে তুহিন এবং মুন রাত ৮টার দিকে মারা যান।
সাইফুল ফেরদৌস জানান, পোস্ট মর্টেম ছাড়া মৃত্যুর আসল কারণ বলা যাবে না। সম্ভবত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বা নতুন বছরের অনুষ্ঠানে তারা মদ খেয়েছিল। তবে তারা এটা গোপন রাখে। পেট ব্যথা ও অন্যান্য সমস্যার কথা বলে হাসপাতালে ভর্তি হয়। পরে মদ খাওয়ার কথা জানায়।
রামেক সূত্রে জানা গেছে, আরও কয়েকজন মদপান করে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে চলে গেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান বাদশা জানান, বাংলা মদে বেশি মাত্রায় রেকটিফাইড স্পিরিট থাকায় তাদের মৃত্যু হতে পারে। এই মদগুলোতে সাধারণত কাঠের আসবাবপত্রে বার্নিশের কাজে লাগে এমন রেকটিফাইড ব্যবহার করা হয়। কিন্তু স্পিরিট শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বেশি গ্রহণে মৃত্যু হতে পারে। বিষয়টি ফরেনসিক বিভাগের রিপোর্ট হলে আরও ভালোভাবে জানা যাবে।

