ভ্যাকসিনের জন্য ৬০০ কোটি টাকা অগ্রিম দিচ্ছে বাংলাদেশ
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৪০
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কেনার জন্য ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম হিসেবে ব্যাংকে জমা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে তারা টাকা পেয়েছেন। রবিবারই (৩ জানুয়ারি) তা ব্যাংকে জমা দেওয়ার চেষ্টা করবেন।
তৃতীয় ব্যাংক হিসেবে বাংলাদেশের জনতা এবং স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ওই টাকা অগ্রিম হিসেবে গচ্ছিত রাখা হবে। বিনিময়ে সেরাম ইনস্টিটিউট ব্যাংক গ্যারান্টি দেবে।
প্রথম চালানের টিকা বাংলাদেশে আসার পর সেরাম ইনস্টিটিউট ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবে। টিকা সরবরাহ শুরু হলে বাকি টাকা দেওয়া হবে।
খুরশীদ আলম বলেন, “শতভাগ গ্যারান্টি থাকবে, যদি কোনো কারণে তারা (সেরাম ইনস্টিটিউট) টিকা দিতে ব্যর্থ হয়, তাহলে পুরো টাকাই সরকার ফেরত নিয়ে আসতে পারবে।”
প্রসঙ্গত। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট।

