ব্রাহ্মণবাড়িয়াগামী চলন্ত বাসে হঠাৎ আগুন
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:২৬
ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডে চলাচলকারী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড মোড়ের বেতবাড়িয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রবিবার রাতে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাওয়ার সময় বেতবাড়ীয়া নামক স্থানে বাসটির পেছনের দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এসময় বাসের চালক হেলপারসহ অন্যান্য যাত্রী দ্রুত বাস থেকে নেমে যায়। মুহূর্তে পুরো বাসে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে তার আগেই পুরো বাসটি পুড়ে যায়।
সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মাহমুদ জানান, প্রাথমিক ভাবে আগুন লাগার সঠিক কারণ বলা যাচ্ছে না। বাসের ইঞ্জিন হিট হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে খাটিঁহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। তবে কেন, কিভাবে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

