ওয়েস্কার মাঠে বছরের শুরুতে জয় পেল বার্সা
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৩৯
কষ্টে হলেও বছরের শুরুটা জয় দিয়ে হলো বার্সেলোনার! যেকোনো মূল্যে শেষ রক্ষার পণ করেছিল ওয়েস্কা।
লা লিগায় পয়েন্ট তালিকার তলানির দলটির মাঠে রবিবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং।
চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি সতীর্থের গোলে অবদান রাখলেও অসংখ্য সুযোগ নষ্ট করে হতাশ করলেন। হতাশা উপহার দেওয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।
বিরতির আগে গোলে কোনো শট না নেওয়া ওয়েস্কা দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণে ওঠে; এ পর্বে তাদের চারটি শটের সবকটিই ছিল লক্ষ্যে।
আসরে মাত্র একটি ম্যাচ জেতা ওয়েস্কার ওপর শুরু থেকে চাপ বাড়ানো বার্সেলোনা সপ্তম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিল।কিন্তু পেদ্রির দুর্বল শট হাত বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক।
১৯তম মিনিটে দেম্বেলের জোরালো শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ছয় গজ বক্সের মুখ থেকে অরক্ষিত পেদ্রির হেড ক্রসবারের একটু উপর দিয়ে যায়।
নিজেদের রক্ষণভাগকেও ওয়েস্কার সীমানায় তুলে আনা বার্সেলোনা ২৭তম মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। বাঁ দিক থেকে ছোট ডি-বক্সের মুখে বাড়ানো মেসির দারুণ ক্রসে লাফিয়ে দেওয়া টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ডি ইয়ং।
শুরু থেকে অনেকগুলো সুযোগ নষ্ট করা মেসির ৬৯তম মিনিটের জোরালো শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭৭তম মিনিটে দেম্বেলের আরেকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি ফের্নান্দেস।
আসরে বার্সেলোনার জয় আটটি। সঙ্গে চার ড্রয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা।
দিনের অন্য ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮।
দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা।
১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভিয়ারিয়াল।

