বুধবারের মধ্যেই ছুটি দেওয়া হতে পারে সৌরভকে
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৫০
হাসপাতাল থেকে আগামী বুধবারের (০৬ জানুয়ারি) মধ্যেই ছুটি দেওয়া হতে পারে বিসিসিআই সভাপতি প্রসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। বাড়িতে ফিরলেও আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। তার পর আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, সোমবার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টিসহ দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সঙ্গে এক ভিডিও বৈঠকে হার্টের বাইপাস সার্জারির আপাতত প্রয়োজন নেই বলে মতামত দিয়েছেন চিকিৎসকেরা। সৌরভ হাসপাতালে ভর্তি হওয়ার পর, তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীর ‘ব্লক’ নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকেরা। স্টেন্ট বসিয়ে সেই ‘বিপদ’ আপাতত এড়ানো গিয়েছে।
এদিন বৈঠকের পর চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভ আপতাত সুস্থ রয়েছে। তাঁকে পরশু ছুটি দিয়ে দেওয়া হতে পারে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কাল তাঁকে দেখতে আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। এ দিন সকালে তাঁর ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক ছিল। রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক রয়েছে।

