অপরাধ না করেও পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি, দাবি এজেন্টের
উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:০০
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলায় ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির চুক্তিভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছে মুজারাবানির এজেন্ট ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জ।
মুজারাবানির এজেন্ট জানিয়েছে, পিএসএলের চুক্তিভঙ্গের কোন ঘটনাই ঘটেনি। কারণ জিম্বাবুয়ের এই পেসারের সঙ্গে পিসিবি কোন চুক্তিই করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এজেন্টের দায়িত্ব পাওয়া সংস্থাটি বলেছে, ‘গত ছয় সপ্তাহ আমরা চুপ ছিলাম। কারণ আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাইনি। অথচ ব্যাপক এবং জঘন্য ধরনের সমালোচনা করা হচ্ছে।’
এই সংস্থাটি জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড প্রস্তাব দিয়েছিল মুজারাবানিকে। কথাবার্তাও কিছুটা এগিয়েছিল। তাদের জানানো হয়েছিল, জিম্বাবুয়ে অনাপত্তিপত্র দিলে তবেই মুজারাবানি পিএসএলে খেলতে পারবে। তারা বলেছে, ‘অনাপত্তিপত্রের আবেদন করার জন্য চুক্তিপত্রের প্রয়োজন হয়। পিএসএল আমাদের কোনো চুক্তিপত্র পাঠায়নি। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি করার ঘোষণা করে দেওয়া হয়।’
ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জের অভিযোগ, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণার দুই সপ্তাহ পরও কোন চুক্তিপত্র পাঠানো হয়নি। শুধু তাই নয়, আজ পর্যন্ত ইসলামাবাদ বা পিএসএলের পক্ষ থেকে কোনো চুক্তিপত্র আসেনি। আমরা অপেক্ষা করেছি। তার মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে প্রস্তাব আসে। পেশাদারিত্বের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়।’
পিসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে, ‘আমরা মনে করি, পিএসএল নিষিদ্ধ করে একটু বেশি বেশিই করে ফেলেছে। অতীতে যারা চুক্তিভঙ্গ করেছেন, তাদের সঙ্গে মুজারাবানির বিষয়টির কোনো মিল নেই। এই শাস্তির কোনো যুক্তি নেই। আমরা এখনও পিএসএল কর্তৃপক্ষকে অনুরোধ করব, মুজারাবানির শাস্তি প্রত্যাহার করা হোক।’
ইউডি/রেজা

