করোনায় অনুশীলন বন্ধ বার্সেলোনার

করোনায় অনুশীলন বন্ধ বার্সেলোনার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:০৭

বার্সেলোনায় আবার হানা দিয়েছে করোনা। কোমানের কোচিং স্টাফদের দুজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে ৪ জানুয়ারি। তাই মঙ্গলবারের (৫ জানুয়ারি) অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে। বিলবাওর বিপক্ষে ম্যাচ খেলতে সান মামেসে যাবে বার্সেলোনা। তার আগে শেষ অনুশীলনের আগে দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেবে কাতালান ক্লাব।

বুধবার (৬ জানুয়ারি) বিলবাওর বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। কিন্তু পিসিআর টেস্টে দুজন স্টাফের করোনা ধরা পড়ায় ধাক্কা খেয়েছে ক্লাব।

বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘পিসিআর টেস্টে মূল দলের দুজন স্টাফের নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ ব্যাপারে ক্রীড়া ও স্বাস্থ্য-সম্পর্কিত যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লা লিগার নিয়ম মেনে পুরো দলের পিসিআর পরীক্ষা করা হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এর ফলে মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০টার অনুশীলন স্থগিত করা হয়েছে। অ্যাথলেটিক ক্লাব ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের আগের নির্ধারিত অনুশীলনের নতুন সময় এবং সে অনুযায়ী সংবাদ সম্মেলনের সূচি জানিয়ে দেওয়া হবে।’

লা লিগায় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত দলটি। কিন্তু ঘরের মাঠে টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়েছে ভ্যালেন্সিয়া ও এইবারের বিপক্ষে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়া বার্সেলোনা ম্যাচও একটি বেশি খেলেছে। এমন অবস্থায় প্রতিপক্ষের মাঠে টানা দুই জয়ের পর একটু আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটিকে আবার নতুন করে ভাবতে হচ্ছে করোনা নিয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading