জোহানেসবার্গে দ. আফ্রিকার দাপুটে জয়

জোহানেসবার্গে দ. আফ্রিকার দাপুটে জয়

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:০১

জোহানেসবার্গে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৫ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তিন দিনেই জিতে নিয়েছে স্বাগতিকরা। কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানের লক্ষ্য স্পর্শ করে তারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ইনিংস ও ৪৫ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

জয়ের ভিত আগের দিনই গড়ে দিয়েছিলেন এনগিডি, নরকিয়া। পরদিন খুব একটা লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। ৪ উইকেটে ১৫০ রান নিয়ে দিন শুরু করে গুটিয়ে যায় ২১১ রানে। তৃতীয় দিনের প্রথম সেশনও টিকতে পারেনি সফরকারীরা।

৯১ রান নিয়ে ব্যাটিং শুরু করা করুনারত্নে দিনের তৃতীয় ওভারে নরকিয়াকে পরপর দুই বলে চার মেরে পৌঁছে যান কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে। শ্রীলঙ্কান অধিনায়কের এটি দশম টেস্ট সেঞ্চুরি।

নিজের পরের ওভারে এসেই করুনারত্নেকে ফিরিয়ে দেন নরকিয়া। বাড়তি লাফিয়ে ওঠা বল পুল করতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। শেষ হয় ১২৮ বলে ১৯ চারে গড়া ১০৩ রানের ইনিংস।

আগের দিন ১৮ রানে অপরাজিত থাকা নিরোশান ডিকভেলা ফিরে যান পরের ওভারেই। এনগিডির বলে মারতে গিয়ে ৩৬ রানে ধরা পড়েন মিড-অফে।

দাসুন শানাকাকে দ্রুত ফেরান ভিয়ান মুল্ডার। শেষের তিন ব্যাটসম্যানকে দাঁড়াতেই দেননি লুথো সিপামলা। ভানিদু হাসারাঙ্গা ও আসিথা ফার্নান্দোকে বোল্ড করার মাঝে দুশমন্থ চামিরাকে কিপারের ক্যাচে পরিণত করেন এই তরুণ।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া নরকিয়া এ পর্বে নেন দুটি। এনগিডির শিকার ৪ উইকেট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading