করোনার মধ্যেও স্থানীয় বিনিয়োগ ৩০ শতাংশ বেড়েছে
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:২৭
করোনা মহামারিতে বৈশ্বিক মন্দায় কমেছে বিদেশি বিনিয়োগ। গত বছরে দেশে ৪ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব আসলেও এ বছর তা এক বিলিয়ন ডলারে নেমেছে। তবে করোনা মহামারি দমাতে পারেনি দেশীয় উদ্যোক্তাদের। ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে স্থানীয় বিনিয়োগ ৩০ শতাংশ বেড়েছে। স্থানীয় বিনিয়োগ ২০১৯-এ ৩ বিলিয়ন ডলার হলেও ২০২০-এ হয়েছে ৪ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অর্থনীতির ভীত শক্তিশালী হওয়ায় করোনার মধ্যেও বিনিয়োগ বেড়েছে বলে মনে করেন বিডা’র চেয়ারম্যান। আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসাবে বিশ্ব দরবারে তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করতে দুটি প্রতিষ্ঠান এই এমইউ সই করে।
চলতি মাসের ২৫ জানুয়ারি বিডা ও স্ট্যান্ডার্ড চাটার্ডের যৌথ উদ্যোগে ওয়েবিনারে চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। দু’দেশের নীতি নির্ধারক, বিনিয়োগকারী, ব্যাংকার ও অর্থনীতিবিদসহ প্রায় ৩ শতাধিক প্রতিনিধি এই সম্মলনে অংশ নেবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আরো জানান, আগামী ফেব্রুয়ারি মাসে ৫০টি সেবা ঘরে বসে পাবে বিনিয়োগকারীরা। বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম গ্রহণের ফলে ২০২২ সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ১০০ এর নিচে নেমে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

