ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলায় মৃত ৪
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১২:২৯
আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষের দিকে এসে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। ট্রাম্পের রিপাবলিকান পার্টির সমর্থকদের তাণ্ডবে রীতিমতো চাঞ্চল্য বিশ্বজুড়ে। ওয়াশিংটনের এই ঘটনায় এখন অবধি চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের জয়ের স্বীকৃতির আনুষ্ঠানিকতা চলছিল। এরই এক পর্যায়ে শুরু হয় বিক্ষোভ। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
দীর্ঘ লড়াইয়ের পরে পুলিশ ক্যাপিটল হিলের নিরাপত্তা নিশ্চিত করে।
ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হতেই ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা৷ ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাল তারা৷ পুলিশ ও ট্রাম্প সমর্থকদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় ওয়াশিংটন ডিসি৷
পুরো ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর মিলেছে৷ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। বর্তমানে গোটা ক্যাপিটল বিল্ডিং-এর চারপাশে নিরাপত্তারক্ষীরা মোতায়েন রয়েছে।

