নবীনগরে ১৫ দিনে ৭ কিশোরী নিখোঁজ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫০
গত ১৫ দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাতজন কিশোরী নিখোঁজের ঘটনা ঘটেছে। এদের মধ্য থেকে এ পর্যন্ত পুলিশ তিনজনকে উদ্ধার করতে পেরেছে। পুলিশ সূত্র জানায়, বাকিদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত আছে।
এদিকে নিখোঁজের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় পুলিশ প্রশাসনও নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
জানা গেছে, করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অলস জীবন পার করছেন। তাদের এই অলস জীবনযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মোবাইলে কথোপকথন ও পারিবারিক অসচেতনায় নানান সম্পর্কে জড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীরা। তার ফলশ্রুতিতে এসব ছেলে-মেয়েরা পরিবার ছেড়ে গোপনে অন্যত্র পালিয়ে যাচ্ছেন।
উপজেলার হুরুয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে রোনা আক্তার (১৬),বাড়াইল গ্রামের মৃত লোকমান মিয়ার মেয়ে সোহানা আক্তার (১৭), বাঘাউরা গ্রামের আক্তার হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (১৫), সাদেকপুর গ্রামের আলম মিয়ার মেয়ে মিতু আক্তার (১২), বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের মেয়ে শারমিন আক্তার (১৩), ধরাভাঙ্গা গ্রামের উছমান মিয়ার মেয়ে সেতু আক্তার (১৩) ও নবীনগর সদরের কলেজ পাড়ার আবুল খায়েরের মেয়ে প্রিয়ন্তি (১৫) নিখোঁজ হন।
নিখোঁজের ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ বলেন, পারিবারিক অসচেতনায় এসব নিখোঁজের ঘটনা ঘটছে। আমরা এখন পর্যন্ত যাদের উদ্ধার করেছি তার সবাই প্রেম ঘটিত। বাকি নিখোঁজ কিশোরীদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তাদের উদ্ধার করতে গিয়ে আমাদের থানার কর্মকর্তারা অনেক পরিশ্রম করছেন।

