দেশে জরুরি ভিত্তিতে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৩০
দেশে করোনাভাইরাস মহামারি ঠেকাতে জরুরি ভিত্তিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত টিকা-কোভিশিল্ডের প্রয়োগে অনুমোদন দিয়েছে সরকার। এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।
বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এর উপপরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার ওষুধ প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই টিকার আমদানির অনুমোদন করে ঔষুধ প্রশাসন।
অক্সফোর্ডের টিকা যৌথভাবে ইন্ডিয়ায় উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে সেরাম ইনস্টিটিউট। আর বাংলাদেশে এই টিকা আনতে সেরামের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা লিমিটেড। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন কোটি ডোজ টিকা দেবে সেরাম।
মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এর প্রতিষেধক আবিষ্কারে কাজ করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। অনেক দেশ করোনার টিকার অনুমোদনও দিয়েছে। তবে টিকা আবিষ্কারের পরই যাতে পাওয়া যায় সেজন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বেক্সিমকো।
মো. সালাউদ্দিন বলেন, ‘জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ায়, বেক্সিমকো এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনো টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে।’
‘ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়ায়, আমরাও অনুমোদন দিতে পেরেছি’- যোগ করেন সালাউদ্দিন।

