মা হারালেন অভিনেতা রুমী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৩০
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমীর মা মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমীর মা হামিদা হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন রুমীর মা। বিষয়টি উল্লেখ করে রুমী বলেন, মায়ের ডায়াবেটিস ছিল। হঠাৎ শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে মা আমার পৃথিবী ছেড়ে চলে গেলেন। সবাই আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন। আমার আজকের অবস্থানের পেছনে এই মায়ের অবদান বলে শেষ করতে পারব না।
প্রসঙ্গত, ওয়ালিউল হক রুমীর বাড়ি বরগুনায়। তার বাবা বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমী।

