সৃজিত আমার খুব প্রিয় : তাহসান
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:৪৭
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান কেবল দেশেই নয়, পশ্চিমবঙ্গেও রয়েছে তার অসংখ্য ভক্ত। সম্প্রতি ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সৃজিত, মিথিলা ও মেয়ে আয়রাকে নিয়ে কথা বলেছেন তাহসান। সেখানেই তিনি জানালেন সৃজিত মুখোপাধ্যায়কে তিনি ভীষণ পছন্দ করেন।
সুযোগ পেলে ইন্ডিয়ার কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবেন জানতে চাইলে তাহসান বলেন, ‘আমি এ রকম রিজিড চিন্তাভাবনা করি না। আগে দেখি গল্পটা কেমন। তবে এখন সৃজিত আমার খুবই প্রিয়, কারণ আমার মেয়েরও খুব ভালো লাগে তাকে। যদিও আগে থেকেই তার কাজ বেশ পছন্দ করতাম। এছাড়াও রাজ চক্রবর্তীর কাজ দেখে বেশ ভালো লেগেছে।’
কলকাতায় কাজের প্রসঙ্গে তিনি বলেন, ‘ আসলে আমি যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের কাজের জন্য এখনো ডাক পাইনি। তাই কনসার্ট বা অভিনয়ের জন্যও যাওয়া হয়নি কখনো। তবে এখন কলকাতায় যাওয়ার একটা বড় কারণ পেয়েছি। আমার মেয়ে আয়রা সেখানে তার মায়ের সঙ্গে থাকে। তাই কলকাতা আসার জন্য আমার মন এখন উড়ছে! জীবনের এমন একটা জায়গায় আছি, কলকাতায় যে কাজই পাব, লুফে নিয়ে চলে যাব।’
সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে বন্ধুত্ব নিয়ে তাহসান বলেন, আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দু’জনেই খুব ভালোবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না। আমি মনে করি, আমরা দু’জন আলাদা থেকেও আয়রাকে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। এছাড়াও বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গেছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।

