গবেষণা সরঞ্জাম কিনতে ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে টাকা দেবে সরকার
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:১০
দেশের ৩৪৫ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেবে সরকার। ২০২০-২১ অর্থবছরের বাজেটের রাজস্বখাত থেকে এ টাকা দেওয়া হবে।
শনিবার (৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল আওয়াল বলেন, ‘প্রতি অর্থবছরেই বেশকিছু প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জামাদি খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থবছরেও এ খাতে টাকা দিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। এজন্য জেলা প্রশাসকদের তালিকা পাঠাতে বলা হয়েছে। তালিকা থেকে ৩৪৫টি প্রতিষ্ঠান বাছাই করা হবে।’
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে তথ্য পাঠাতে বলা হয়েছে ডিসিদের। গবেষণা সরঞ্জাম খাতে টাকা দেওয়ার নীতিমালা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে হবে জেলা প্রশাসকদের।
জানা গেছে, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রোকোনা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগরাছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটিতে ৬টি করে মোট ১৮৬টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেওয়া হবে। আর নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, শেরপুর, বান্দরবন, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, পিরোজপুর, ভোলা, বরগুনা, কুষ্টিয়া ও মৌলভীবাজার জেলার প্রতিটিতে ৫টি করে মোট ১৩৫টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে এ টাকা দেওয়া হবে।

