সময়মতো প্রণোদনার কারণে অর্থনীতির সব খাত ঘুরে দাঁড়িয়েছে : শিল্প প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:২৫
সময়মতো করোনা প্রণোদনা ঘোষণা করার কারণেই অর্থনীতির সব খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতি দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তার নিজের পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ জন গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

