ইন্ডিয়ায় শীতার্তদের জন্য কম্বল পাঠাতে চান ডা. জাফরুল্লাহ
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:৪৫
ইন্ডিয়ার দিল্লিতে আন্দোলনরত শীতার্ত কৃষকদের জন্য দুই হাজার কম্বল পাঠাতে চেয়ে দেশটির কোনও সাড়া পাননি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ২৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর কাছে কম্বল পাঠানোর আগ্রহ দেখিয়ে চিঠি দিলেও সেই চিঠির সাড়া পাননি তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুকে দিয়ে গুলশানের হাইকমিশনে চিঠি পাঠানো হয়। প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা সেই চিঠি গ্রহণ করেন।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে আবারও কম্বল পাঠানোর আগ্রহ দেখিয়ে চিঠি দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।
জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ইন্ডিয়ার দিল্লির শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বরাবরে আবারও চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। রবিবার দুপুর সাড়ে ১২টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনার অফিসে চিঠি পৌঁছে দেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগে গত ২৪ ডিসেম্বর দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। সে চিঠির জবাব না আসায় আজ রবিবার আবারও চিঠি দেওয়া হয়।

