ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি শুরু ১০ মে

ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি শুরু ১০ মে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১০ মে থেকে ১২ মে পর্যন্ত গ্রহণ করা হবে। সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্রপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের দিন থেকে আগামী ১৯ মে’র মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ইউনিট সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩০টি আসনের জন্য উল্লিখিত তারিখে অনুষদ ভবনের ৪র্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অফিস চলাকালে (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা) মেধাক্রমানুসারে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন থেকে ১৯ মে’র মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ১ম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্নকারী কোনো পরীক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে আগামী ১৪ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাকে আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২২ ও ২৩ জুন ২য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্রপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের দিন থেকে আগামী ২৪ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

সাক্ষাৎকারে শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষায় হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র উপস্থাপন করতে হবে। এছাড়া সদ্য তোলা আট (০৮) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সাথে নিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading