বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে জিয়াকে আবিষ্কার পাকিস্তানি শক্তির: নানক

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে জিয়াকে আবিষ্কার পাকিস্তানি শক্তির: নানক

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলতেই সামরিক জান্তা জিয়াউর রহমানকে আবিষ্কার করেছিল সাম্রাজ্যবাদ ও পাকিস্তানি শক্তি।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত ‘কৃষকদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘১৯৭১ সালের প্রতিশোধের লক্ষ্য নিয়ে জাতির পিতাকে হত্যা করা এবং হত্যা করার পর ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার ষড়যন্ত্র করে সাম্রাজ্যবাদ ও পাকিস্তানি শক্তি। শুধু তাই নয়, তারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য তার বিপরীতে সামরিক জান্তা জিয়াউর রহমানকে আবিষ্কার করে তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করেছিল।’

আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি বেলা ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। পাকিস্তানি বন্ধিদশা থেকে বিজয়ীর বেশে ফিরে আসেন বাঙালির এই মহানায়ক। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতি উদ্দেশে ভাষণ দেন। বাংলাদেশের আদর্শগত ভিত্তিক কী হবে? রাষ্ট্রের কাঠামো কী হবে? পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা দালালি করেছে- তাদের কী হবে? এসব বিষয়সহ বিভিন্ন দিকনিদের্শনা দিয়েছিলেন।’

নানক বলেন, ‘আজ থেকে ৫০বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। দেশের মানুষ মনে করে তার হাতে দেশ, দেশের সার্বভৌমত্ব ও জাতির সম্পদ নিরাপদ। তিনি জেগে আছেন বলেই জাতি নিশ্চিন্তে ঘুমাতে পারে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading