২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩৩

‘উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল-২০২০’ প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব জানান, খসড়া প্রস্তাবটি আইন হিসেবে জারির পর শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে। এর আগে আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে। সংসদে আইনের সংশোধনী পাস হলে আগামী ২৮ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে। ফলাফল তৈরি করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিরাজমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে গতবছর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা না নিয়ে পূর্বের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading