ফ্রান্স ১,৫০২ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশকে
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৩১
করোনাভাইরাসের পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার ইতিমধ্যে ১ লাখ ২১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় দেশ ফ্রান্স। ‘বাজেট সহায়তা’ হিসেবে এই ঋণ পাওয়ায় সরকার তা যেকোনো খাতে খরচ করতে পারবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্সি ফ্রান্সেস ডেভেলপমেন্ট (এএফডি) বাংলাদেশকে ১৫ কোটি ইউরো ঋণ দিচ্ছে, যা বাংলাদেশের প্রায় ১ হাজার ৫০২ কোটি টাকা।
ইআরডির কর্মকর্তারা বলছেন, করোনার প্রভাব মোকাবিলায় সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারে যে প্রণোদনা ঘোষণা করেছে, ফ্রান্সের ঋণ সেই খাতে খরচ হবে। ব্যয় করা হবে টিকা আমদানিতেও। এএফডির এই ঋণের সুদের হার দেড় শতাংশ।
গত আট মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। ২৬ মার্চ থেকে টানা দুই মাসের লকডাউন চলে। করোনার কারণে সরকারের আয় কমেছে, বেড়েছে ব্যয়। ইআরডির তথ্য বলছে, করোনা মোকাবিলায় সরকার গত জুন মাসে বিশ্বব্যাংক, এডিবি, ফ্রান্সসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছে ঋণ চেয়ে চিঠি দেয়। ইআরডির কর্মকর্তারা বলছেন, ঋণ নিয়ে শিগগিরই এএফডির সঙ্গে চুক্তি হবে। আশা করা হচ্ছে, এপ্রিলের মধ্যে টাকা ছাড় শুরু হবে।
করোনা মোকাবিলায় অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। প্যাকেজের সংখ্যা করা হয় ২১। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে প্যাকেজের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশের বেশি, যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে জিডিপির বিবেচনায় সর্বোচ্চ। আরও ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা আসছে।

