দেশে মোবাইল ফোনের কারখানা চালু করবে মটোরোলা

দেশে মোবাইল ফোনের কারখানা চালু করবে মটোরোলা

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:১০

বহুজাতিক প্রতিষ্ঠান মটোরোলা দেশে মোবাইল তৈরির কারখানা নির্মাণ করতে চায় এ বছরই। মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী জুন মাসের মধ্যে ‘কারখানা সেটআপ’ হয়ে যাবে। এরপরই মোবাইল উৎপাদনের চূড়ান্ত ঘোষণা আসবে। তার আগে ইন্ডিয়া ও চীন থেকে মটোরোলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফরে এসে বাস্তবতা যাচাইসহ সরকারের সঙ্গে বৈঠক করবেন। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপরে। করোনা পরিস্থিতি খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে এলে আরও আগেই বাংলাদেশে মোবাইল উৎপাদনে যেতে চায় মটোরোলা।

সেলেক্সট্রা’র ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত গণমাধ্যমকে জানান, উৎপাদনের শুরুতে স্মার্টফোনকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। তার আগেই তারা স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চান। স্মার্টফোনের পর তারা ফিচার ফোন উৎপাদনে যাবেন। ফিচার ফোনের চাহিদা কখনও শেষ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ফিচার ফোনের বাজার এখনও মোট মোবাইলফোন বাজারের ৭০ শতাংশ। এই বিশাল বাজারকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই।’

সাকিব আরাফাত জানান, দেশে কারখানা চালু হলে তারা ১০ হাজার টাকার নিচের স্মার্টফোনও তৈরি করতে চান। যদিও এর আগেই তারা ১০ হাজার টাকার সেগমেন্টের স্মার্টফোন দেশের বাজারে ছাড়তে চান। মটোরোলা এ দেশের কারখানায় উৎপাদিত ফোন দিয়ে দেশীয় ক্রেতাদের চাহিদা মেটাতে চায়।

জানা গেছে, কারখানার জন্য মটোরোলা সরাসরি এবং বাংলাদেশের প্রতিষ্ঠানটির অংশীজন— দুই পক্ষই যৌথভাবে বিনিয়োগ করবে। কে কত শতাংশ বিনিয়োগ করবে, তা চূড়ান্ত না হলেও মটোরোলা যে বেশি অংশ বিনিয়োগ করবে, সে বিষয়ে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। তারা জানান, কারখানার জন্য গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা বরাদ্দের জন্য আবেদন করবে সেলেক্সট্রা লিমিটেড। বিষয়টি নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে। এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতেও কারখানা গড়ে তোলার জন্য আবেদন করা হবে।

গত ৯ ডিসেম্বর মটোরোলা আয়োজিত এক অনুষ্ঠানে মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি এক ভিডিও বার্তায় বাংলাদেশে মটোরোলার কারখানা স্থাপনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি তার পরিকল্পনার কথাও শোনান। বিষয়টি পরিষ্কার করেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানান, দেশের কারখানায় মটোরোলার ফ্ল্যাগশিপ ফোন তৈরিরও পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে মোবাইল একসেসরিজ, মটোরোলা টিভি, ফ্রিজ ইত্যাদির কারখানা গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading