৯ মাসে মেট্রোরেলের অগ্রগতি ১১ শতাংশ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:৪৩
রাজধানীতে মেট্রোরেল নির্মাণ কাজে ভাটা পড়ে করোনার বিরূপ প্রভাবে। করোনার এই দীর্ঘ ৯ মাসে সরকারের অগ্রাধিকার এই প্রকল্পের অগ্রগতি হয়েছে ১১.৭ শতাংশ। এতে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রো চলাচল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানীর যানজট কমাতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে ২০.১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। দুই ভাগে ভাগ করে নির্মাণাধীন প্রকল্পটির প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে ৭৮.৩৮ শতাংশ। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের হয়েছে ৪৯.৪৭ শতাংশ। ইলেক্ট্রনিক ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৩৪.৮২ শতাংশ। সব মিলিয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি হয়েছে ৫৫ দশমিক ১৯ শতাংশ।
আগারগাঁও, মিরপুর ও পল্লবী এলাকায় গেলে চোখে পড়বে, দীর্ঘ উড়ালপথ। মূল সড়ক থেকে প্রায় ১৩ মিটার উঁচুতে এই পথে বসছে রেললাইন। চলছে স্টেশন নির্মাণ, বিদ্যুৎ-সংযোগসহ অন্যান্য কর্মযজ্ঞ। শ্রমিকরাও নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ রেললাইন বসানোর কাজ করছেন আবার কেউ কেউ বিদ্যুৎ ব্যবস্থার কাজে ব্যস্ত রয়েছেন। তবে উত্তরের অংশের তুলনায় দক্ষিণা পাশে কাজের গতি অনেকটা কম বলে মনে করা হচ্ছে। তবে কাওরান বাজার সার্ক ফোয়ারা থেকে বাংলামটরের দকে ভায়াডাক্ট নির্মাণের কাজ এগিয়ে চলছে।

