সভাপতি প্রার্থীর মৃত্যু: পিছিয়ে গেল সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৪০
সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন সাতদিন পেছানো হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (১৫ জানুয়ারি) হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে এদিন বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত আসে। নতুন তারিখ অনুযায়ী ২৪ জানুয়ারি (রবিবার) ওই নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এ নিয়ে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বতর্মান কমিটির সভাপতি জাকির হোসেন ইমন গণমাধ্যমকে বলেন, ‘হিলালী ওয়াদুদ চৌধুরী ভাইয়ের মৃত্যু আমাদের ব্যাথিত করেছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।’
জাকির হোসেন ইমন বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের একজন ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এজিএমে নির্বাচন পেছানোর প্রস্তাব আসে। সর্বসম্মতিক্রমে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ৭ দিন পেছানো হয়েছে। আগের মতোই ওইদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’
হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু হওয়ায় এখন সভাপতি পদে এখন দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। এরা হলেন বাংলাদেশের খবরের সিনিয়র সাব এডিটর আবুল কালাম আজাদ ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর মামুন ফরাজী।

