ইসমাইল-শিরিন আবারও দ্রুততম মানব-মানবী

ইসমাইল-শিরিন আবারও দ্রুততম মানব-মানবী

উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:২১

বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব-মানবীর মুকুট ধরে রেখেছেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার (১৫ জানুয়ারি) প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইসমাইল। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলেট। সেরা হয়ে এই অ্যাথলেট সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘করোনাকালে অনুশীলন করতে অনেক বাধা ছিল। কিন্তু সন্তুষ্ট হয়েছি এ জন্য যে, দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে পেরেছি। আশা করি, বাংলাদেশ গেমসে টাইমিং কমাতে পারবো।’

এই ইভেন্টে নৌবাহিনীর রকিবুল হাসান ১০ দশমিক ৬০ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন।

মেয়েদের ১০০ মিটারে ১১ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন শিরিন। সেনাবাহিনীর শরিফা খাতুন (১২ দশমিক ২০ সেকেন্ড) এবং আনসার ও ভিডিপির কবিতা রায় (১২ দশমিক ৪০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন।

ইসমাইলের মতো শিরিন আক্তারও সেরা হয়ে খুশি। তবে টাইমিং নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে শিরিন আক্তারের মাঝে। তিনি বলেন, ‘আমার কোচ নিশ্চয়ই আরও ভালো টাইমিং আশা করেছিলেন। তবে আমি মোটামুটি খুশি। সামনে বাংলাদেশ গেমস আছে। আশা করি, ওটাতে আরও ভালো টাইমিং করতে পারবো।’

ছেলেদের ১৫০০ মিটারে নৌবাহিনীর রাকিবুল ইসলাম (৪ মিনিট ২০ দশমিক ৮০ সেকেন্ড) এবং মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সুমি আক্তার (৫ মিনিট ৭ দশমিক ৬০ সেকেন্ড) প্রথম হয়েছেন।

শটপুটে বাংলাদেশ পুলিশের ইমতিয়াজ হোসেন (১৪ দশমিক ১৪ মিটার), আনসার ও ভিডিপির শ্রাবণী মল্লিক (১১ দশমিক ৫১ মিটার), হাই জাম্পে সেনাবাহিনীর ঋতু আক্তার (১ দশমিক ৭০ মিটার), নৌবাহিনীর মাহফুজুর রহমান (২ দশমিক ১০ মিটার) সেরা হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading