বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দিলো গ্লোব
উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৩০
গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দিয়েছে। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) রবিবার ( ১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে প্রটোকল জমা দেওয়া হয়। এর মাধ্যমে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অ্যাপ্রুভাল বা ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হলো।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘গ্লোব বায়োটেকের পক্ষে তাদের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন) এ প্রটোকল জমা দেয়।’
বিএমআরসিতে ২০টি ফাইলে ক্লিনিকাল ট্রায়ালের প্রোটোকল জমা দেওয়া হয়। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে।
মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবেন ৫৭ জনের একটি দল। যার প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব জানান, অনুমোদন পাওয়ার ১০ দিনের মধ্যেই ট্রায়াল শুরু করতে পারবেন তারা। শতাধিক সেচ্ছাসেবকের প্রয়োগের পরিকল্পনা তাদের।
গ্লোব বায়োটেক তাদের এ ভ্যাকসিনের নাম দিয়েছে বঙ্গভ্যাক্স। বাংলাদেশে কোনও ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন ড. আসিফ মাহমুদ।

