১৭ মার্চের মধ্যে বইমেলা শুরুর ভাবনা
উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩৪
মহামারীর কারণে পিছিয়ে যাওয়া চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি নয়, সরাসরিই হবে; তবে সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
আগামী ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ অথবা ১৭ মার্চ থেকে থেকে বইমেলা শুরু করতে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে বলে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন।
রবিবার (১৭ জানুয়ারি) গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বা টিকা দেওয়া শুরু হলে আমরা কীভাবে দ্রুত সময়ে বইমেলা শুরু করতে পারি, সেই প্রস্তুতি নেওয়া জন্য আমাদের আজকের এই বৈঠক ছিল।
“বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বইমেলা সরাসরি হবে, ভার্চুয়াল বইমেলা নয়। তবে সময়টা আমরা এখনও নির্ধারণ করতে পারিনি।”
কে এম খালিদ বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার ভাবনা তাদের ছিল, কিন্তু বাস্তবতা বিবেচনায় তা সম্ভব হচ্ছে না।
“আমরা প্রধানমন্ত্রী বরাবর একটি ওপেন প্রস্তাব পাঠাব; ২০ ফেব্রুয়ারি , ৭মার্চ , ১৭ মার্চ থেকে বইমেলা শুরু করা যায় কিনা। কেননা ১২ এপ্রিল থেকে রোজা শুরু হয়ে যাবে। রোজার আগেই আমরা বইমেলা শেষ করতে চাই।”
২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “কোভিড নিয়ন্ত্রণে এলে বা ভ্যাকসিন চলে এলে ওই সময়ে বইমেলা শুরু করা সম্ভব। যদিও একটু কঠিন হবে। কোভিড নিয়ন্ত্রণে না এলে মেলা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে।”
“এখনও অনিশ্চয়তার মধ্যেই আছি আমরা। তবে কোভিড খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশাবাদী, শিগগিরই এটা আরও নিয়ন্ত্রণে আসবে। তখন আমরা স্বাস্থ্যবিধি মেনে বই মেলার আয়োজনের চেষ্টা করব।”

