উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসার তারিখ পেছাল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৫
ইন্ডিয়া থেকে বাংলাদেশে উপহারের ২০ লাখ ভ্যাকসিন আগামীকাল বুধবার নয় বৃহস্পতিবার আসবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফ্লাইট শিডিউল অনুযায়ী ইন্ডিয়া থেকে বাংলাদেশে টিকা আসবে। সেটা আগামীকালও হতে পারে, পরের দিনও হতে পারে। ফ্লাইট শিডিউল এখনও জানা যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুরুতে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে না। টিকা দেওয়া হবে উপজেলা ও জেলা পর্যায়ে। প্রথম আসা টিকা দেওয়া শুরু হবে ঢাকায়।
মন্ত্রী আরও বলেন, দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে না। প্রথমে স্বাস্থ্যকর্মী ও অন্য কর্মীদের মধ্যে টিকা দেওয়া হবে।
এর আগে উপহার হিসেবে ইন্ডিয়া করোনাভাইরাসের যে ২০ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে, তা বুধবারই (২০ জানুয়ারি) বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম।

