ঢাকায় শুধু সবুজ রঙের সিএনজিই চলবে: হাইকোর্ট
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩০
ঢাকা মহানগর এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধন নিয়ে চলাচলকারী সবুজ রঙের সিএনজি অটোরিকশা ছাড়া ছাই রঙের ‘প্রাইভেট সিএনজি’ চলাচল করতে পারবে না। হাইকোর্টে এ সংক্রান্ত রুল খারিজ হওয়ায় ছাই বা রুপালি রংয়ের ‘প্রাইভেট সিএনজি’ (ঢাকা মেট্রো-দ) চলাচলের আর অনুমতি থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৯ জানুয়ারি) রুল খারিজ করে রায় দেয়।
রুলটি এসেছিল ২০১৬ সালে প্রাইভেট সিএনজি অটোরিকশা ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের করা একটি রিট আবেদনে।
আদালতে রিট আবেদনের পক্ষে রুলের শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মনিরুজ্জামান আসাদ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম। সড়ক ও যোগাযোগ সচিবের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী পরাগ।

