বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে শুক্রবার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০০
সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই প্রথম ওয়ানডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া দলের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও আইসিসির নিষেধাজ্ঞা শেষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক খেলায় ফেরেন। এদিন ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেয়া শুরু করা ওপেনার তামিম ইকবাল টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান। অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষেক হওয়া হাসান মাহমুদের বোলিং তোপে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এক কথায় রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সাকিবের। অন্যদিকে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন তরুণ তুর্কী হাসান মাহমুদ। সাকিব ৭.২ ওভারে ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩টি ও মুস্তাফিজ ৬ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট পান।
ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথমেই আঘাত হানেন মুস্তাফিজ। ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ১ উইকেটের বিনিময়ে ১৫ রান, তখনই মিরপুরের মাঠে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠ ছাড়তে বাধ্য হন। বৃষ্টির জন্য প্রায় এক ঘণ্টায় খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর মুস্তাফিজ, সাকিব ও হাসানের বোলিংতোপে ধুঁকতে থাকা সফরকারীরা কোনোমতে শতক পার করে। হ্যাটট্রিকের সম্ভবনাও জাগান হাসান। টাইগারদের হয়ে অন্য উইকেটটি পান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে।
১২৩ রানের মামুলি লক্ষ্যমাত্রা ছয় উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে টাইগাররা। খরচ করেছে ৩৩.৫ ওভার। লাল-সবুজের হয়ে অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। সেই সাথে লিটন দাস ১৪, সাকিব আল হাসান ১৯, মুশফিকুর রহিম ১৯ (অপরাজিত), মাহমুদুল্লাহ রিয়াদ ৯ (অপরাজিত) ও নাজমুল হোসেন শান্ত ১ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ১৯ রান।
সফরকারীদের পক্ষে আকিল হোসেন তিনটি এবং জেসন মোহাম্মদ একটি উইকেট পান। ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান। এদিকে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়লাভে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

