পি কে হালদারের আইনজীবী সুকুমার ও তার মেয়ে গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:২০
পি কে হালদারের ‘অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ মামলায় তার ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. সালাউদ্দিন তাদের গ্রেপ্তার দেখান।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, “পি কে হালদারের এই দুই সহযোগীকে আজ সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দুপুরে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
গ্রেপ্তারের পর দুপুর সোয়া ২টার দিকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা হন অনুসন্ধান কর্মকর্তা সালাউদ্দিন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকুমার মৃধা বলেন, “পত্রপত্রিকায় যা লেখালেখি হচ্ছে, সেই বিষয়ে পি কে হালদারের কোনো ঘটনার সাথে আমি জড়িত নই। তিনি কেবল আমার ক্লায়েন্ট।”
এর আগে গত ১৩ জানুয়ারি পি কে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুদক।
মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয় পি কে হালদারের আরেক সহযোগী শংখ ব্যাপারীকে। শংখ ব্যাপারীর নামে ধানমণ্ডি এলাকায় একটি ‘বিলাসবহুল’ ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়, যা পি কে হালদারের টাকায় কেনা বলে দুদকের ভাষ্য।

