কুষ্টিয়ায় প্রত্যক্ষদর্শী সেই প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দিতে নির্দেশ

কুষ্টিয়ায় প্রত্যক্ষদর্শী সেই প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দিতে নির্দেশ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৩০

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী ও তার পরিবার সদস্যদের নিরাপত্তা দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী ভার্চুয়াল আদালতে যুক্ত হন, তখন তার পক্ষে আইনজীবী ইশরাত হাসান জীবনের নিরাপত্তা চেয়ে বক্তব্য তুলে ধরলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি বলেন, ‘আজ ভার্চুয়াল আদালতে হঠাৎ ঢুকে পড়েন এক ব্যক্তি। অনেকক্ষণ ধরে সেখানে থাকায় আদালত তার পরিচয় জানতে চান। তখন ওই ব্যক্তি নিজেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও দৌলতপুর থানার যুব উন্নয়ন কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব পালনকারী শাহজাহান আলী পরিচয় দিয়ে আদালতের কাছে জীবনের নিরাপত্তা চান। তখন তার পক্ষে আইনজীবী ইশরাত হাসান বক্তব্য তুলে ধরে যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান আলী ও তার পরিবারের নিরাপত্তা চান। আদালত তখন আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাদের নিরাপত্তা দিতে পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেন।’

সারোয়ার হোসেন বাপ্পি আরও বলেন, ‘আদালতের লিখিত আদেশ আজকের মধ্যে আইজিপির কাছে পাঠানো হবে।’

আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাতকে তলবের ঘটনায় গতকাল (২০ জানুয়ারি) সেই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলী ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। পরে গতকাল বিকেলে পুলিশ দৌলতপুর থানায় তাকে ডেকে নিয়ে মানসিক নির্যাতন করে এবং ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের কাগজে স্বাক্ষর নেয় এবং তাকে হুমকি দেন এসপির বিরুদ্ধে কিছু বললে এই কাগজপত্র ব্যবহার করা হবে।’

পরে আজ তার বাড়িতে দুইজন ব্যক্তি সবসময় অবস্থান করছেন। এ কারণে শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শাজাহান আলী ও তার পরিবারের নিরাপত্তা চাইলে আদালত পুলিশের আইজিপিকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তা দিতে নির্দেশ দেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading