ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়ার জনগণকে অসংখ্য ধন্যবাদ: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:১৫
বাংলাদেশকে ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে করোনার ২০ লাখ ডোজ টিকা উপহার দেওয়া দুই দেশের বিদ্যমান শক্তিশালী সম্পর্কের পরিচয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন, ভারত সরকার আমাদের ২০ লাখ টিকা উপহার হিসাবে দিচ্ছে। আমাদের কোম্পানিগুলো যে চুক্তি করেছে, তার ৩ কোটি ডোজ আসবে। আমরা এজন্য ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়ার জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ড. মোমেন বলেন, এই উপহার বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ভবিষ্যতে দুই দেশ একসঙ্গে চলার পথ সুগম হবে।
তিনি বলেন, বিশ্বের মধ্যে করোনা সংক্রামিত দেশের তালিকায় বাংলাদেশ ২০তম অবস্থানে। এখন করোনার টিকা আমদানিতে আমরা ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। পর্যায়ক্রমে আমাদের চাহিদা অনুযায়ী টিকা আমদানি করব।

