বিশ্ব বাণিজ্যকে সুসংহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪০
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শুক্রবার বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তায় এশিয়া সহযোগিতা সংলাপের (এসিডি) অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে টেকসই এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিশ্ব বাণিজ্যকে আরও সুসংহত করতে হবে।
নতুন স্বাভাবিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পর্যটন শীর্ষক এসিডি’র ১৭তম মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তুরস্কের আয়োজনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকের সভাপতিত্ব করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলু চাভুসৌলু।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি উদ্ভূত ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশীয় পর্যটনগুলোর উন্নয়ন একটি অন্যতম সম্ভাব্য উপায় হতে পারে ।
তিনি জানান, কোভিড-১৯ মহামারির ফলে ২০২০ সালে বাংলাদেশের এই উদীয়মান পর্যটন খাতের মোট ক্ষতি প্রায় ১৮০ বিলিয়ন টাকা।
পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকার ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রায় ৩৬৮৮ কোটি টাকা বরাদ্দ করেছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, প্রাকৃতিক সম্পদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে।
বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

