ট্রাম্পকে হামলার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার
উত্তরদক্ষিণ | শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:২২
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফার্সি ভাষার টুইটার একাউন্টে শীর্ষ ইরানি কমান্ডার কাসেম সোলেমানি হত্যার বদলা নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে একটি পোস্ট দেখা গেছে।
শুক্রবারের (২২ জানুয়ারি) এই টুইটার পোস্টে দেখা যায়, যুদ্ধবিমান বা বিশাল এক চালক বিহীন বিমান (ড্রোন) এর ছায়ার নিচে ট্রাম্পের মতো দেখতে এক ব্যক্তি গলফ খেলছেন।
টুইটটির ক্যাপশনে খামেনির ১৬ ডিসেম্বরে দেওয়া এক বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরে লেখা হয়েছে, ‘প্রতিশোধ অবশ্যম্ভাবী’।
“সোলেমানির হত্যাকারী এবং এ হত্যাকাণ্ডের নির্দেশ যিনি দিয়েছেন তাকে এর মূল্য দিতে হবে। এই প্রতিশোধ যথাসময়েই নেওয়া হবে।”
টুইটের ছবিটি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটেও দেখা গেছে। খামেনির ঘনিষ্ঠ মহলের এক কর্মকর্তা বলেছেন, এই টুইটের লক্ষ্য হচ্ছে ট্রাম্পকে একথা মনে করিয়ে দেওয়া যে, তিনি ক্ষমতায় নেই বলেই নিরাপদে থাকবেন তা নয়, আর ইরানও তাদের শহীদ সোলেমানিকে ভুলে যাবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আলোচিত নাম মেজর জেনারেল কাসেম সোলেমানি। তিনি ছিলেন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান।
সোলেমানি হত্যার পরপরই ইরাকের মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এর জবাব দিয়েছিল ইরান। আরও হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছিল দেশটি। খামেনিও বলেছিলেন, অপরাধীদের জন্য দাঁতভাঙা জবাব অপেক্ষা করছে।
এরপর সোলেমানি হত্যার একবছর পূর্তির সময় গতবছর ডিসেম্বরে আবার নতুন করে প্রতিশোধের হুমকি দিয়েছিলেন খামেনি। এবারের টুইটেও সেই একই হুমকি দিয়ে ‘প্রতিশোধ’ কথাটি চিহ্নিত করা হয়েছে লাল রঙ দিয়ে।
শুক্রবার টুইটার একাউন্টের ওই পোস্ট নিয়ে অনেকে আপত্তি তোলার পর টুইটার কর্তৃপক্ষ ‘খামেনি-সাইট’ একাউন্ট বন্ধ করে দেয় এবং এটি ভুয়া বলেও জানায়। তবে ইরানের কর্মকর্তারা পোস্টটি নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি।
টুইটটি এরপর আবার খামেনির মূল ফার্সি ভাষার একাউন্ট ‘খামেনি-ফা’- তে রিটুইট করা হয়। যদিও পরে এটি ডিলিট করে দেওয়া হয়।

