ইরাকে আইএস হামলায় ১১ জন নিহত
উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:২০
আইএস হামলায় ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত ১১ যোদ্ধা নিহত হয়েছেন।
ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, শনিবার (২৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন।
প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতের অন্ধকারে দায়েশ জঙ্গিরা হালকা অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়।ইরাকের রাজধানী বাগদাদে দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দু’দিন পর এই হামলা চালালো আইএস।
এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এজন্য দায়েশ জঙ্গিদের দায়ী করেছেন।

