রাশিয়ায় নাভালনির সমর্থকদের বিক্ষোভ, আটক তিন সহস্রাধিক
উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৩৫
রাশিয়ার বিরোধীদলের নেতা কারাবন্দি অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে দেশজুড়ে তার হাজার হাজার সমর্থক বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় নাভালনির স্ত্রীসহ তিন সহস্রাধিক প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবারের (২৩ জানুয়ারি) এসব সমাবেশ ভাঙতে পুলিশ শক্তি প্রয়োগ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী আইনজীবী নাভলনিকে গত বছর অগাস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি।
জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেন এবং গত রোববার দেশে ফেরেন।
রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরেই গ্রেপ্তার হন নাভালনি। অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে পরদিন সোমবার মস্কোর একটি আদালত তার ৩০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
তারপরই সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি।
লোকজনকে এই প্রতিবাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, বিক্ষোভে অংশ নিলে কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকবে পাশাপাশি অননুমোদিত এসব আয়োজনে উপস্থিত হলে মামলা ও কারাবাসেরও সম্ভাবনা আছে।
কিন্তু প্রতিবাদকারীরা কর্তৃপক্ষের এসব নিষেধাজ্ঞা ও তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন।
রয়টার্স জানিয়েছে, মস্কোর কেন্দ্রস্থলে অন্তত ৪০ হাজার লোক জমায়েত হয়েছিল। গত কয়েক বছরে রাশিয়ার রাজধানীতে এত বড় অননুমোদিত সমাবেশ আর হয়নি বলে জানিয়েছে তারা।
এখানে পুলিশ যাকে সামনে পেয়েছে তাকেই ধরে ভ্যানে তুলে নিয়ে গেছে।
কিন্তু মস্কোর জমায়েতে মাত্র চার হাজার লোক হয়েছিল বলে দাবি করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের হিসাব নিয়ে প্রশ্ন তুলে ওই সংখ্যা অত্যন্ত বেশি ছিল বোঝাতে ব্যাঙ্গাত্মক উক্তি ব্যবহার করেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
নিজেদের দাপ্তরিক ম্যাসেঞ্জার চ্যানেলে মন্ত্রণালয়টি বলেছে, “কেন তাৎক্ষণিকভাবে বললে না ৪০ লাখ জড়ো হয়েছিল?”
‘পুতিন একজন চোর’, ‘লজ্জা, লজ্জা’ ও ‘নাভালনিকে মুক্ত কর!’ বলে শ্লোগান তুলেছিলেন কিছু প্রতিবাদকারী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নাভালনির স্ত্রী ইউলিয়া জানিয়েছেন, সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিবাদের আগেরদিনই নাভালনির কিছু রাজনৈতিক মিত্রকে গ্রেপ্তার করা হয়েছিল; অন্যান্যদের বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয়।
ওভিডি ইনফো নামে একটি বেসরকারি সংস্থা, যারা র্যালি পর্যবেক্ষণের কাজ করে থাকে, জানিয়েছে প্রায় ৩,১০০ মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে ১,২০০ জনের বেশি মস্কো থেকে।
বিক্ষোভের মধ্যে মি. নাভালনি’র স্ত্রী ইউলিয়াকেও কিছুক্ষণের জন্য আটক করে পুলিশ। তিনি ঐ ঘটনার একটি ছবিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন।
এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
রাশিয়ায় শনিবার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার খবরও পাওয়া গেছে, তবে বিক্ষোভের সাথে এই ঘটনার সম্পর্ক আছে কিনা জানা যায়নি।
সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করে অসংখ্য ভিডিও প্রকাশ করা হয়েছে এবং নাভালনি সম্পর্কে ভাইরাল মেসেজ শেয়ার করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় রাশিয়ার মিডিয়া পর্যবেক্ষণকারী আনুষ্ঠানিক প্রতিষ্ঠান ‘রসকমনাদযোর’ টিকটকের কাছে দাবি জানিয়েছে যেন ‘অপ্রাপ্তবয়স্কদের বেআইনি কাজে উৎসাহ দেয়’ – এরকম যে কোনো কন্টেন্ট তারা সরিয়ে নেয়।
রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের অনুরোধ জানিয়েছে যেন তারা তাদের সন্তানদের কোনো বিক্ষোভে অংশ নিতে না দেয়। সূত্র- বিবিসি।

