রংপুরে ড. ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি

রংপুরে ড. ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪০

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি রংপুরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডব্লিউএসএস)- এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরি কমিটির এক সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।

রবিবার (২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সহ-সভাপতি এডভোকেট জিতেন্দ্র নাথ রায়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীকালীন পরিস্থির কারণে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় পীরগঞ্জের ফতেপুরে মরহুমের কবর জিয়ারত পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মুনাজাতে অংশগ্রহণ। বাদ আছর রংপুর মহানগরীর কেরামতিয়া জামে মসজিদ ও কোর্ট মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রয়াত ড. এম. এ ওয়াজেদ মিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রেসক্লাব কমপ্লেক্সে অবস্থিত ডিডব্লিউএসএস-এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার। আয়োজিত সকল অনুষ্ঠানে স্মৃতি সংসদের সকল সদস্যকে যথাসময় উপস্থিত থাকার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এলাহী ফারুক এবং এডভোকেট ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাজ্জাদ-উর-জামান সানজু, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা শিরিন নিপা, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম প্রামানিক, সহকারী দপ্তর সম্পাদক আলী জহুর মন্টু, অর্থ সম্পাদক বেলাল হোসেন, সহ-সাহিত্য সম্পাদক মো. হাসান আলী প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading